দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুর্কি আল-মালিকি বলেন, হুথি গোষ্ঠীর হামলার শিকার হয়েছে জাজান তেল পরিশোধনাগার। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে বুধবারও জাজান অঞ্চলে হামলার চেষ্টা চালিয়েছিল হুথিরা। তবে ওই হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবারের হামলায় হুথিদের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরাসরি তেল পরিশোধনাগারে আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। ওই সময় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সৌদি আরবে আশ্রয় নেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে থাকে হুথিরা।
দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অনেকটা কমে আসে।
তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর হুথিরা আবারও হামলা শুরু করে। একই সময়ে হুথিদের কাছ থেকে রাজধানী সানা পুনর্দখলে স্থল অভিযান চালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা
এমজে